ভারতে চুলের কলপে সাদা ছাগল কালো হচ্ছে

ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর হাটে সাদা ছাগলের তুলনায় কালোর দাম দ্বিগুণ। আর দ্বিগুণ লাভ করতে সেখানে মানুষের মাথার চুল কালো করার কলপ দিয়ে সাদা ছাগলকে রাতারাতি কালো বানিয়ে ফেলা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এমন অভিযোগ পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ওই হাটে তল্লাশি চালান। এ সময় তাদের হাতে একাধিক কলপ করা সাদা ছাগল ধরা পড়ে।

এ বিষয়ে প্রশাসনের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, আট কেজি ওজনের কালো কুচকুচে একটি ছাগল ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ একই আকার ও ওজনের সাদা ছাগলটির দাম ৩ হাজারের বেশি ওঠে না। 

'আর এই কারণেই এমন অসাধু উপায় বেছে নিয়েছেন জলপাইগুড়ির একাধিক পশু ব্যবসায়ী।'

একইরকম অভিযোগ পাওয়া গিয়েছিল বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের এক হাটে। বেশ কয়েক বছর আগে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের একটি হাটে কোরবানির ঈদকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাদা ছাগলের গায়ে কালো রং মাখিয়ে প্রতারণা করেছিল।