নির্বাচনকে ঘিরে ঐশ্বরিয়াকে নিয়ে কটু মন্তব্য, বিতর্কিত বিবেক

ভারতে সাত দফা লোকসভা নির্বাচনের পর বুথ ফেরত জরিপ নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। একাধিক জরিপে দেখা গেছে, ফের ক্ষমতায় আসছে ক্ষমতাসীন বিজেপি। এমন পূর্বাভাস টিকবে কি টিকবে না এ নিয়ে তর্ক চলছে নানা মহলে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ও।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বুথ ফেরত জরিপ নিয়ে টুইটারে আপত্তিকর মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদির বায়োপিকে 'নরেন্দ্র মোদী'র চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয়। যাতে এক সময়ের প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চনকে জড়িয়েছেন তিনি।

বুথ ফেরত জরিপের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের সম্পর্ককে টেনে আনেন বিবেক। সালমান খানের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ককে ওপিনিয়ন পোল, তার (বিবেক) ও ঐশ্বর্যের সম্পর্ককে এক্সিট পোল এবং অভিষেক-আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্যের জীবনকে তিনি চূড়ান্ত ফলাফল হিসেবে জানান। ক্যাপশনে লেখেন, “হে হে, ক্রিয়েটিভ, নো পলিটিকস হেয়ার...জাস্ট লাইফ!”

বিবেকের এই মিমের পর সমালোচনার ঝড় ওঠে অনলাইন দুনিয়ায়। সামাজিক মাধ্যমে এভাবে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তুলে আনায় অনেকেই বিরক্ত তার ওপর। সোনম কাপুরসহ একাধিক তারকারাও এর প্রতিবাদ জানান।

এদিকে গোটা বিতর্কের জেরে বিবেককে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশন।