সব ক্ষেত্রে বাবার সঙ্গে মায়ের নাম কেন নয়: হাইকোর্ট

স্কুলে ভর্তি, চাকরিসহ সব ক্ষেত্রে পরিচিতির জন্য সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বাবার নামের সঙ্গে মায়ের নাম কেন লেখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিয়ম অনুযায়ী মায়ের নাম যুক্ত করার নির্দেশনা থাকলেও জুডিশিয়ারিসহ অনেক ক্ষেত্রে তা সংযুক্ত না হওয়ায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে সোমবার এ রুল জারি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।   

আদেশের চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নির্দেশনা চেয়ে গত ১সোমবার আইনজীবী জোবাইদা পারভীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আইনজীবী সুরাইয়া বেগম শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া ও সুচিরা হোসেন।

রিটকারী আইনজীবী বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে সন্তানদের পরিচিতির সব ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি বাধ্যতামূলকভাবে মায়ের নামও উল্লেখ করতে হবে।

‘কিন্তু এই প্রজ্ঞাপন এখনো যথাযথভাবে কার্যকর হচ্ছে না। তাই ওই প্রজ্ঞাপন যথাযথ কার্যকরের নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন’।

সহকারী অ্যাটর্নি জেনারেল সুচিরা হোসেন বলেন, ‘সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সব ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম সংযুক্তির আদেশ দিলেও জুডিশিয়ারিসহ অনেক ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার হচ্ছে না মর্মে রিট আবেদন করা হয়’।

‘হাইকোর্ট শুনানি নিয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে রুলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’