হায়াৎ সাইফ স্মরণসভা

তিনি সৃষ্টির কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন

ষাটের দশকের আধুনিক কবিদের মধ্যে হায়াৎ সাইফ ছিলেন অন্যতম। সজ্জন, সদালাপী মানুষটি কখনো খ্যাতির মোহে ধাবিত হননি, উচ্চাকাক্সক্ষার কাছে নিজের মনোজগৎকে বিসর্জন দেননি। তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সময়ের বহমান গতিধারায়, সৃষ্টির কল্যাণে।

গতকাল সোমবার বাংলা একাডেমির আয়োজিত কবি হায়াৎ সাইফ স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা ও স্মৃতিচারণে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি আসাদ চৌধুরী, নাট্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, কবি কাজী রোজী, কবি জাহিদুল হক, ফ র মাহমুদ হাসান, সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ, কবি আসাদ মান্নান এবং হায়াৎ সাইফের দুই পুত্র জিসান সাইফ ও মেহরান সাইফ। হায়াৎ সাইফের স্ত্রী তাহমিনা ইসলাম লাকি এবং পরিবারের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

স্মরণসভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার।