ফতুল্লায় আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর ভূঁইয়ার বাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গত রবিবার রাত ১১টার দিকে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আবু সাঈদ (২৪) ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বীকে (২৬) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক সাঈদ কথিত বড়ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। তিনি সংগঠনের দাওয়াতি কাজ করতেন। পাশাপাশি নারায়ণগঞ্জের সমন্বয়ক ছিলেন। গোলাম রাব্বীর বাসা একই এলাকায় হওয়ায় আবু সাঈদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মাধ্যমে তিনিও আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। গোলাম রাব্বী সংগঠনটির ইয়ানত কালেকশন করতেন বলে স্বীকার করেছেন।