এবার ওমরাহ পালনের দোহাই দিলেন রুহুল আমিন হাওলাদার

ওমরাহ করতে সৌদি যাবেন রুহুল আমিন হাওলাদার। তাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৃতীয় নোটিসেও উপস্থিত

থাকতে পারবেন না বলে গতকাল সোমবার জানিয়েছেন জাতীয় পার্টির এই সাবেক মহাসচিব। তিনি ঈদের পর পর্যন্ত সময় চেয়েছেন। এবার নিয়ে মোট তিনটি তলব নোটিস এড়িয়ে গেলেন রুহুল আমিন।

এর আগে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ মে  দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদের সই করা নোটিসে গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয়ে রুহুল আমিন হাওলাদারকে হাজির হতে বলা হয়েছিল। এর আগেও দুইবার জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করেছিল দুদক।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, অভিযোগটি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে দুদকের তলবে আসা উচিত। তিনি বলেন, সোমবার তিনি দুদকে হাজির না হয়ে চিঠি পাঠিয়ে ঈদের পরে হাজির হবেন বলে জানিয়েছেন। ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন বলে উল্লেখ করেছেন তিনি।