ইন্দোনেশিয়ায় টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট জোকো

ইন্দোনেশিয়ায় টানা দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারান তিনি ।

বিবিসি জানায়, ২০১৪-র নির্বাচনেও এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন জোকো।

১৭ এপ্রিল একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচনে ইন্দোনেশিয়ায় ভোট গ্রহণ শুরু হয়।  দেশটির নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের জন্য ১৯২ মিলিয়নেরও বেশি মানুষ এদিন ভোট দেয়।

ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিকে পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী প্রেসিডেন্ট জোকোর প্রাপ্ত ভোট ৫৫.৫ শতাংশ এবং  গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী  জেনারেল প্রাবোও পেয়েছেন ৪৪.৫ শতাংশ ভোট।

মঙ্গলবার ফলাফল ঘোষণার আগ থেকে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন আন্দোলন গড়ে তোলার হুমকি দেন জেনারেল প্রাবোও।

পরিস্থিতি মোকাবিলায় রাজধানী জাকার্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়ন করা হয়েছে।

ফলাফল প্রত্যাখ্যান করে জেনারেল প্রাবোও আদালতে দারস্ত হবেন কী না এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগেরবার জোকোর কাছে হেরে আদালতের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তাতেও হেরে যান তিনি।