উত্তর কোরিয়ার হাজার হাজার নারী ও মেয়েশিশুকে চীনে যৌন ব্যবসায় যুক্ত হতে বাধ্য করা হচ্ছে, এমন তথ্য উঠে এসেছে লন্ডন ভিত্তিকএকটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে।
বিবিসি জানায়, এই সব নারীদের অপহরণ করে যৌনকর্মী হিসাবে বিক্রি করা হয়। এ ছাড়া চীনা পুরুষদের বিয়ে করার জন্য বাধ্য করা হয় তাদেরকে।
লন্ডনভিত্তিক কোরিয়া ফিউচার ইনিশিয়েটিভ এ প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটির মতে, বিভিন্ন অপরাধ সংস্থার মাধ্যমে প্রতিবছর উত্তর কোরীয় নারীদের নিয়ে অন্তত ১০ কোটি ডলারের যৌন বাণিজ্য হয়ে থাকে।
প্রতিবেদনটিতে বলা হয়, “এসব ভুক্তভোগী নারীদের মাত্র ৩০ চীনা ইউয়ানের (চার ডলার) বিনিময়ে যৌনকর্মী হিসেবে বিক্রি করা হয়। মাত্র ১০০০ ইউয়ান (১৪০ ডলার) বিনিময়ে বিক্রি করা হয় স্ত্রী হিসাবে। তারা স্বামী দ্বারা বছরের পর বছর ধরে ধর্ষণের শিকার হতে থাকেন।”
জানা যায়, পাচারের শিকার এই মেয়ে ও নারীদের বয়স হয়ে থাকে সাধারণত ১২ থেকে ২৯ বছরের মধ্যে। অনেক সময় এর চেয়ে কম বয়সীরাও পাচারের শিকার হয় বলে প্রতিবেদনে উঠে আসে।
ভুক্তভোগীদের অনেককেই একাধিকবার বিক্রি করা হয়েছে এবং নিজ দেশ ছাড়ার এক বছরের মধ্যে কমপক্ষে একবারের জন্য হলেও যৌন দাসত্বে বাধ্য করা হয়েছে।
এছাড়া বিশ্বব্যাপী অনলাইন গ্রাহকদের জন্য সাইবার সেক্সেও যুক্ত হতে বাধ্য করছে। এইসব নারী ও মেয়ে শিশুদের অনেকসময় ওয়েবক্যামের সামনে যৌন হয়রানির শিকার হতে হয়।