অবশেষে ভুল শিকার করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মিম বিতর্কে প্রবল চাপের মুখে পড়ে বাধ্য হয়ে ক্ষমা চাইলেন তিনি। মুছে দিলেন বিতর্কিত টুইটও।
এর আগে টুইটের জন্য তাকে নোটিশ পাঠায় ভারতের নারী কমিশন। পাশাপাশি বলিউড তারকারাও নিন্দা জানান।
লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়ার অতীত ও বর্তমান সম্পর্কের তুলনা টেনে সোমবার একটি টুইট করেন বিবেক। এই টুইটের জন্য তাকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়।
বিতর্কিত মিমের কারণে চরম কটাক্ষের মুখে পড়ার পরও বিবেক নিজের অবস্থানে অনড় থেকে জানান, তিনি কোনো ভুল করেননি। অবশ্য তার সহযোগীরা দাবি করেন, বিবেকের সোশ্যাল মিডিয়া বিকেল থেকে হ্যাক করা হয়েছিল। তাতেই এই সব ঘটনা ঘটে।
রাতে ফের টুইট করে ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার এই অভিনেতা বলেন, “প্রাথমিকভাবে অনেক কিছুকে মজাদার ও ক্ষতিকারক নয় বলে মনে হলেও তা সবার ক্ষেত্রে নাও হতে পারে। গত ১০ বছর আমি ২০০০ পিছিয়ে পড়া নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ কাটিয়েছি। কোনো দিন কোনো নারীর অসম্মানের কথা ভাবতেই পারি না।”
এরপর নিজের বিতর্কিত টুইট মুছে বিবেক সবার কাছে ক্ষমা চেয়েও নিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, “আমার মিম রিপ্লাইয়ে যদি একজন নারীও আহত হন, তাহলে ক্ষমা চাইছি। টুইট মুছে দিয়েছি।”
বিবেকের অভিনীত ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পাচ্ছে ২৪ মে।