লোকসভায় আরও শোচনীয় ফল হবে বামদের!

ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফল প্রকাশ হতেই কার্যত এলোমেলো বিরোধী জোট। বামদের অবস্থান কী হবে, তা নিয়ে সিদ্ধান্তহীন নিজেরাই। সবার একটা বক্তব্য, ২৩ মে’র পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জিনিউজ জানায়, এটা স্পষ্ট এ বারের নির্বাচনে বামদের ভোটব্যাংক আরও সঙ্গীন হতে চলেছে। এ কথা মেনে নিলেন সিপিআই নেতা ডি রাজাও।

তিনি জানান, এবারের লোকসভা নির্বাচনে বামদের সবচেয়ে শোচনীয় পরিস্থিতি হতে পারে। ২৩ মে’র পরই সিদ্ধান্ত নেওয়া হবে বামেদের কী ভূমিকা হওয়া উচিত।

সিপিএম- এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, এটা স্পষ্ট ২৩ মে পরই বিরোধীদের জোট এবং রণকৌশল নির্ধারণ করা হবে। কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার হতে চলেছে বলে আশাবাদী তিনি।

ইয়েচুরি বলেন, ফলাফল বেরোনোর পরই পরবর্তী পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সিপিআইয়ের সাধারণ সম্পাদক এস সুধাকর রেড্ডি স্পষ্টই জানিয়ে দেন, কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিরোধী আসনে বসবে সিপিআই।

ইউপিএ না ফেডারেল ফ্রন্ট- কোন পথে পা বাড়াবে তা নিয়েও সন্দিহান বামফ্রন্ট। সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন বলেন, ফেডারেল ফ্রন্ট বা ইউপিএ কোন জোটে থাকবে ২৩ মে’র পরই সিদ্ধান্ত নেবে বামফ্রন্টের সব শরিক।

অবশ্য কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, বিজেপির ‘বি টিম’ হয়ে কাজ করছে কংগ্রেস।

উল্লেখ্য, বুথ ফেরত জরিপে বলা হচ্ছে, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) পাচ্ছে ১৪ থেকে ১৬টি আসন। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) পেতে পারে ৪ থেকে ৬টি আসন। পশ্চিমবঙ্গে একটি আসন পাওয়ার ইঙ্গিত দিলে তা-ও অনিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। ত্রিপুরার ২টি আসন বিজেপির দখলেই যেতে পারে বলে জরিপের পূর্বাভাস।

এদিকে সবমিলিয়ে আটটি বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। সেখানে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ও অন্যরা শত চেষ্টা করলেও নরেন্দ্র মোদির আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা ঠেকাতে পারছে না।

একটি মাত্র জরিপ ছাড়া সবক’টিতেই এনডিএ জোটকে রাখা হয়েছে ২৭৭ আসনের ওপরে, যেখানে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২ আসন।