সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিএনপি নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পুরান ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খানের কাছে স্মারকলিপি জমা দেন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেবে বিএনপি।
স্মারকলিপিতে বলা হয়, সরকার প্রতিমণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু সরকারী দলের নেতৃবৃন্দের আনুকুল্য পাওয়া মধ্যস্বত্ব ভোগীদের কারণে কৃষকরা ৫০০ টাকার বেশী দামে ধান বিক্রি করতে পারছেন না। তাই কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার দাবি জানান তারা। এছাড়া পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা ন্যায্য দাবি মেনে নেয়ারও আহবান জানানো হয় ওই স্মারকলিপিতে।
স্বারকলিপিতে আরও বলা হয়, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় কৃষক হাহাকার করছেন। প্রতি মণ ধানে কৃষকের তিনশ’ টাকা লোকসান হচ্ছে। প্রতি বিঘায় লোকসানের পরিমাণ পাঁচ হাজার টাকা।
এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য বিএনপি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছে।
স্মারকলিপি জমা দেওয়ার সময় জেলা বিএনপির সভাপতির সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি তমিজ উদ্দিন, অ্যাডভোকেট সুলতান নাসের, খন্দকার আবুল কালাম, বাছেদ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, মো. নূর করীম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, রাকিবুর রহমান খান ফরহাদ, মো. দীন ইসলাম, মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আনজু, সাধারণত সম্পাদক আহসান উল্লাহ হাসান, দফতর সম্পাদক এবিএম এ রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।