সন্ত্রাসবাদে অভিযুক্ত ক্রাইস্টচার্চে হামলাকারী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আটক অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পুলিশ এমন ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি। 

বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে ‘সন্ত্রাসবাদে জড়িত’ বলে অভিযুক্ত করা হয়েছে। এরই মধ্যে ট্যারান্টের বিরুদ্ধে ৫১টি খুন ও ৪০টি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আগামী জুনে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

শ্বেত বর্ণবাদী ট্যারান্ট গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে নির্বিচার গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। আহত হন আরও ৪০ জন। 

নিউজিল্যান্ডের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার গুলিবর্ষণের ঘটনা। এ হামলার পর নিউজিল্যান্ডের পার্লামেন্ট সামরিক ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন পাশ করে। ট্যারান্টকে সন্ত্রাসবাদ আইনে অভিযুক্ত করা নাও হতে পারে এমন আশঙ্কা করা হয়েছিল।

কিন্তু দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা সন্ত্রাসবাদ আইনে মামলা দায়েরের ইঙ্গিত দিয়েছিলেন।