সমাবেশে রিজভী

লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। চাপাবাজি করে তাদের ক্ষোভকে থামানো যাবে না। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত ওই সমাবেশে রিজভী বলেন, দেশে লাখ লাখ তরুণ বেকার, ধানের দাম না পেয়ে ক্ষেতে আগুন দিচ্ছেন কৃষক, ওয়াসা দূষিত পানি সরবরাহ করছে, গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে। সব মিলিয়ে এই সরকারের অধীনে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এরপরও সরকারের তথাকথিত উন্নয়নের গলাবাজি থামছে না। দেশের মানুষ এই লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, চাপাবাজি দিয়ে জনগণের ক্ষোভ কমানো যাবে না।