প্রচলিত আইনের মধ্যে একমাত্র তথ্য অধিকার আইনই সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ। গতকাল মঙ্গলবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশে প্রচলিত ১ হাজার ১৯৮টি আইনের মধ্যে এটিই একমাত্র আইন যাতে জনগণ রাষ্ট্র ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতায় বাধ্য করে।’
গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক ডা. মো. আবদুল হাকিম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসেন রাহাত, মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ হানিফ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসারউদ্দিন, অধ্যক্ষ এম এ বারী, মুক্তিযোদ্ধা মো. মহর আলী, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল প্রমুখ।