যশোরে স্বর্ণের বার আত্মসাৎ মামলায় ৩ পুলিশ কারাগারে

শার্শা থানার তিন পুলিশকে স্বর্ণের বার আত্মসাৎ মামলায় গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন। তারা হলেন এএসআই তবিবুর রহমান ও রঞ্জন কুমার মিত্র এবং কনস্টেবল তুষার সরকার।

আনছার উদ্দিন বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই তিন পুলিশ সদস্য শার্শা উপজেলার সামটা জামতলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে আটটি স্বর্ণের বারসহ মহিষাকুড় গ্রামের সাজেদুর রহমান ও আকতারুল ইসলামকে আটক করেন। পরে তাদের ছেড়ে দিয়ে বারগুলো আত্মসাৎ করেন তারা। গোপনে বিষয়টি জানতে পারেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওইদিন রাতে তাদের তলব করা হয়। এ সময় এএসআই তবিবুরের পকেট থেকে বারগুলো উদ্ধার করা হয়। পরদিন স্বর্ণ আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করা হয়। গতকাল দুপুরের আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।