মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের কথিত বন্দুকযুদ্ধে নাজমুল হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। নাজমুল হোসেন সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, দু’পক্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন তাকে মাদক ব্যবসায়ী নাজমুল বলে শনাক্ত করেন। নাজমুলের বিরুদ্ধে মাদকসহ ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, এক কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসএম বুলবুল আহম্মেদ জানান, গুলির শব্দে প্রথম গ্রামবাসীদের ঘুম ভাঙে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই গোলাগুলি থেমে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মরদেহ ও অস্ত্র পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তরে জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। তবে এই ঘটনা নিয়ে গ্রামবাসী ও পরিবারের কেউ সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য দিতে রাজি হননি।