ঋষি কাপুর-আমির খানের এই সুন্দরী নায়িকা এখন কী করছেন?

ফারহা নাজ হাসমি। ১৯৮৬ সালের ‘নসিব আপনা আপনা’ ছিল তার ক্যারিয়ারের মাইলফলক সিনেমা। এই নায়িকাকে ভিন্ন ভিন্ন প্রজন্মের অভিনেতাদের বিপরীতে দেখা গেছে। একই সময়ে অভিনয় করেছেন ঋষি কাপুর ও আমির খানের বিপরীতে।

সুন্দরী এই নায়িকা হায়দরাবাদে জন্মালেও থিতু হন মুম্বাইয়ে। বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি তার আত্মীয়। টাবু তার বোন।

১৯৮৫ সালে যশ চোপড়ার ব্যানারের ‘ফসলে’ দিয়ে বলিউড অভিষেক হয় তার। মহেন্দ্র কাপুরের ছেলে রোহন কাপুরের বিপরীতেও অভিনয় করেন।

এর পর ইমানদার, হামারা খানদান, নাকাব, ইয়াতেম, বাপ নম্বরি, বেটা দশ নম্বরি, ভাই হো তো অ্যায়সা, সওতেলা ভাই ছবিতে কাজ করেছেন তিনি। উও পেয়ার আয়েগি, বেগুনাহ ছবি দুটি পেয়েছিল দর্শকদের প্রশংসা।

জাওয়ানি জিন্দাবাদ, ইসি কা নাম জিন্দেগি নামের দুটি ছবিতে আমির খানের সঙ্গেও কাজ করেন ফারহা। কিন্তু বক্স অফিসে মেলেনি সাফল্য।

রাজেশ খান্না ও বিনোদ খান্নার সঙ্গে তার জুটি ছিল দর্শকদের কাছে সুপারডুপার হিট। ‘কারনামা’ ছবিতে ফারহার অভিনয় এখনো অনেকে মনে করেন।

কলকাতার ‘আমার তুমি’ ছবিতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। ‘বলছি তোমার কানে কানে’ গানটি এখনো জনপ্রিয়।

অভিনেতা বিন্দু দারা সিংকে বিয়ে করেন ফারহা, সে ঘরে ছেলেও রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ধরিত্রীপুত্র, ইজ কি রোটি, মোকাবিলা ছবিগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

হিমেশ রেশমিয়া প্রযোজিত অমর প্রেম, আহা, আন্দাজ এই ধারাবাহিকগুলোতে অভিনয় করতেন ২০০০ সালের আগে। ২০০৪ সালে পর্দায় ফিরে আসেন ‘হালচাল’ ছবির মাধ্যমে।

সুমিত সায়গল নামের এক অভিনেতাকে বিয়ে করেন তিনি।

বর্তমানে সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেন ফারহা। তবে মূলধারার ছবি থেকে অনেকটাই দূরে রয়েছেন।