চবিতে হাই-টেক পার্ক নির্মাণের স্মারক চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চ‌বি) ১০০ একর জায়গার উপর হাইটেক পার্ক স্থাপনের স্মারক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

রাজধানীর আগারগাঁও এর আইসিটি টাওয়ারে অবস্থিত বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে বুধবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চ‌বি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রজেক্টের লিয়াজোঁ অফিসার প্রফেসর ড. হানিফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫১৮তম বিশেষ সিন্ডিকেটে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০০ একর জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং প্রজেক্টের লিয়াজোঁ অফিসার প্রফেসর ড. হানিফ সিদ্দিকী টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে হাই-টেক পার্ক নিয়ে কথা বলেন। পরে ১৮ জানুয়ারি সরেজমিনে পরিদর্শন করে জায়গাটি পছন্দে হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গাজীপুর কালিয়াকৈরে হাই-টেক পার্কের আদলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই স্থানে একটি হাই-টেক পার্ক স্থাপন করা হবে। যেখানে বিশ্ববিদ্যালয় জ্ঞান নির্ভর এ প্রযুক্তিতে স্থানের পাশাপাশি জনসম্পদের জোগান দিতে সক্ষম হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয় তথা এই হাই-টেক পার্কটির নিরাপত্তার জন্য পুলিশের একটি নিরাপত্তা ব্যারাক স্থাপিত হবে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাই-টেক পার্কটিতে সিলিকন ভেলির আদলে দেশ বিদেশের বহু নামীদামি প্রতিষ্ঠান তাদের কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবেন। যেখানে ব্যাপক কর্মস্থানের সুযোগ হবে । পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও বৈদেশিক আয়ও বৃদ্ধি পা‌বে।