পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ গ্রেপ্তার

সৌদি আরব প্রবাসী স্বামীর নগদ টাকা ও মালামাল নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া স্ত্রী দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার পলি (৩৪) এবং প্রেমিক সালেহ আহমেদ পলাশকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ।

বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের শাহপরান থানার মেজর টিলার কে.কে. গার্ডেন থেকে পুলিশ তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে।

গ্রেপ্তার সালেহ আহমেদ পলাশ সিলেট জেলার জালালাবাদ থানার আখালিয়া জৈগিপাড়া গ্রামের মুক্তার আহমেদের ছেলে। আর প্রবাসী মো. আলী হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার পলি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধুপুর এলাকার আবু ইউছুফের মেয়ে।

সৌদিপ্রবাসী মো. আলী হোসেন জানান, বিগত ২৫ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করছেন। ১৭ বছর আগে ইয়াসমিন আক্তার পলির সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১৩ ও ৮ বছরের দুই সন্তানের জন্ম হয়েছে। কিন্তু আমি বিদেশে থাকার সুযোগে ফেসবুকে সিলেটের সালেহ আহমেদ পলাশের সাথে সম্পর্ক গড়ে তোলে পলি। যা পরকীয়া প্রেমে রূপ নেয়। প্রেমিকের যোগসাজশে গত ৩০ এপ্রিল দুপুরে নগদ ৭ লাখ টাকা, ৫ লাখ টাকা মূল্যের ১১ ভরি স্বর্ণালংকার, নিত্য ব্যবহার্য ইলেকট্রিক পণ্য, ফ্রিজ, এসি, আসবাবপত্রসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের সাথে সিলেট চলে যায়। খবর পেয়ে আমি দেশে ফিরে এসে ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, স্বামীর অভিযোগের প্রেক্ষিতে সিলেট থেকে তাদের গ্রেপ্তার ও চুরিকৃত মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।