ইন্দোনেশিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৬

ইন্দোনেশিয়ার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজপথে নেমেছে দেশটির সরকারবিরোধীরা। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধীরা। তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। পুলিশের চেকপোস্টসহ বিভিন্ন যানবাহনে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও পাথর নিক্ষেপ করা হয়।

গতকাল বুধবার সকালে রাজধানী জাকার্তায় উত্তেজিত বিক্ষোভকারীদের ঠেকাতে অ্যাকশনে নামে পুলিশ। এ সময় পুলিশি অ্যাকশনে নিহত হয় ছয় বিক্ষোভকারী। আহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। জাকার্তার গভর্নর অ্যানিস ব্যাসেডেন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। ২০১৯ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে (৬৭) হারিয়ে আবারও ক্ষমতায় আসেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো (৫৭)। সহিংসতার আশঙ্কার মধ্যেই ২১ মে সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান সুবিয়ান্তোর প্রচার দলের সদস্য আজিস সুবেক্তি।

তিনি বলেন, ‘এই অবিচার, জালিয়াতি, মিথ্যা, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড আমরা ছেড়ে দেব না।’ ফল ঘোষণার আগেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের হুঁশিয়ারি দেন সুবিয়ান্তো।