তিনি ক্রিস গেইল। স্বঘোষিত ‘ইউনিভার্সাল বস’। নিজের পঞ্চম তথা শেষ বিশ্বকাপ খেলার জন্য পৌঁছে গেছেন ইংল্যান্ডে। আর সেখানে দাঁড়িয়ে বলেছেন, ‘বোলাররা আমাকে ভয় পায় কিন্তু সেটা ক্যামেরার সামনে প্রকাশ করে না।’
সত্যি কি গেইলকে ভয় পায় বোলাররা? এই প্রশ্নের একটা উত্তর হতে পারে হ্যাঁ। গেইলকে ভয় না পাওয়ার কারণ নেই। সীমিত ওভারে তার মতো ছক্কা কজন মারতে পারে। টি-টোয়েন্টি কিংবা একদিনের ক্রিকেটে ওরকম ঝড়ও কাউকে তুলতে দেখা যায় না। আসন্ন বিশ্বকাপেও তিনি ঝড় তুলবেন বলেই মনে করছেন সবাই। তার ইঙ্গিতও পাওয়া গেছে। সর্বশেষ আইপিএলে দারুণ ফর্মে ব্যাটিং করেছেন গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৩ ইনিংসে ৪৯০ রান করেছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে গেইলের রেকর্ড আরও ভয়ংকর। এই বছরের শুরুতে চার ম্যাচ খেলে ১০৬ গড়ে ইংলিশদের বিপক্ষে ৪২৪ রান করেছেন তিনি। ৪০ বছর বয়সে শেষবারের মতো একদিনের ক্রিকেটে ঝড় তুলে বিশ্বকাপটা জিততে চান। আর জিততে হলে তাকেই যে মূল ভূমিকায় নামতে হবে এ ব্যাপারে নিশ্চিত গেইল। তিনি ব্যাট করতে নামলে বোলাররা এখনো ভয় পায় বলেই মনে করেন ক্যারিবিয়ান তারকা। ক্রিকেট ডট কম ডট এইউকে বলেছেন, ‘তরুণ বোলাররা আমার কানের কাছে এসে বলে আমাকে আর আগের মতো খেলা সহজ নয়। এখন আমি আগের চেয়ে দ্রুত বল করি। কিন্তু তাদের ক্লান্ত দেখায়। আসলে তারা জানে ইউনিভার্স বস কী করতে পারে। আমি নিশ্চিত জানি তারা মনে মনে বলছে, “এই লোকটা ক্রিকেটে দেখা ভয়ংকরতম ব্যাটসম্যান”।’ প্রতিপক্ষ যে তাকে ভয় পায় এটাও জানিয়েছেন গেইল, ‘ক্যামেরার সামনে তাদের জিজ্ঞাসা করুন, বলবে না আমরা ভয় পাই না। কিন্তু ক্যামেরা অফ করে জিজ্ঞাসা করুন, তাহলে বলবে, হ্যাঁ সে ভয়ংকর।’
ইংল্যান্ড বিশ্বকাপে গেইলদের প্রথম ম্যাচ ৩১ মে। ট্রেন্টব্রিজে সেদিন তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে। এবার অনেকের মতেই বিশ্বকাপ জয়ের ফেভারিটের তালিকায় আছে উইন্ডিজ। কেউ বলছেন, যেহেতু এটা গেইলের শেষ বিশ্বকাপ তাই সেটা জিতে স্মরণীয় করে রাখতে চাইবেন সতীর্থরা। আর উইন্ডিজকে বিশ্বকাপ জিততে হলে আক্ষরিক অর্থেই ইউনিভার্স বস হয়ে উঠতে হবে গেইলকে।