ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসছে আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে। বুধবার প্লেয়ার্স ড্রাফটে আফিফকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। গেল বার এই দলটিতে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন বেন কাটিং, টস কোপার, ইসুরু উদানার মতো তারকা। ক্যারিবীয় তারকাদের মধ্যে ইভিন লুইস, কার্লোস ব্রাফেট, শেলডন কটরেলরা রয়েছেন।
সিপিএলের অফিশিয়াল ওয়েব সাইটে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের খেলোয়াড় তালিকায় এরই মধ্যে আফিফের নাম সংযুক্ত করা হয়েছে। যেখানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নামও।
এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে ছিলেন ১৮ জন। তবে সাকিব-তামিমসহ জাতীয় দলের তারকা খেলবেন না বলেই খবর। ৪ সেপ্টেম্বর থেকে হবে এবারের আসর।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়ার খবর নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে শেয়ার করেন ধ্রুব। ১৯ বছর বয়সী ধ্রুব দেশের জার্সিতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৮টি লিস্ট এ ম্যাচ ও ৩১টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০১৬ সালে বিপিএলের অভিষেকে ২১ রানে ৫ উইকেট নিয়ে আলোড়ন ফেলেছিলেন আফিফ।
এর আগে বাংলাদেশ থেকে সিপিএল খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজকে ট্রিনবাগো নাইট রাইডার্স একবার স্কোয়াডে নিলেও মাঠে নামা হয়নি তার।