ডিএমপি কমিশনারের দাবি ঢাকায় এখন ছিনতাই নেই

রাজধানীতে এখন কোনো ছিনতাই হচ্ছে না বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল বুধবার তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ঢাকাবাসী রাতদিন কেনাকাটা করে নিশ্চিন্তে বাসায় ফিরছেন। কেউ ছিনতাইকারীর কবলে পড়ছেন না।’ রাজধানীর নয়াপল্টনে পল্টন কমিউনিটি সেন্টারে দুস্থদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করেন ঢাকার পুলিশপ্রধান।

তিনি বলেন, ‘ঢাকা শহরে চুরি নেই। রমজান শুরুর পর কোথাও একটি চুরির ঘটনাও ঘটেনি। এ ছাড়া ডাকাতি, ছিনতাইয়ের কোনো ঘটনাও ঘটেনি। ছিনতাই পার্টি, মলম পার্টি, মাইক্রো পার্টি, টানা পার্টি কোনোটাই নেই। সবাইকে ধরে জেলে পাঠানো হয়েছে।’ ডিএমপি কমিশনার বলেন, ‘গভীর রাত পর্যন্ত লোকজন কেনাকাটা করছে। টাকা-পয়সা নিয়ে ব্যাংকে-মার্কেটে যাচ্ছে। কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটছে না। মার্কেটগুলোতে যেমন নিরাপত্তা দেওয়া হচ্ছে, সড়কেও পুলিশের টহল পার্টি কাজ করছে। গোয়েন্দারা সাদা পোশাকে নজরদারি করছে।’