থলের ৮০ হাজার টাকার জন্য ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

বগুড়ায় ট্রেনের চাকায় কাটা পড়ে খোকা মোল্লা (৬৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ সময় তার থলেতে ভিক্ষার ৮০ হাজার ১৯০ টাকা পাওয়া গেছে। ওই টাকা রক্ষা করতেই তাকে প্রাণ দিতে হয়েছে। বুধবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে এ ঘটনা ঘটেছে।

স্বজনদের বরাত দিয়ে বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কায়কোবাদ জানান, গাবতলী উপজেলার নেপালতলি ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের মৃত মনি মোল্লার ছেলে খোকা মোল্লা। দীর্ঘ ২৫ বছর ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে তার ভিক্ষার ওপর নির্ভরশীল ছিলেন।

তিনি জানান, ভিক্ষুক খোকা সবসময় একটি চটের থলে রাখতেন। সকালে কলেজ ট্রেনে বগুড়া শহরে এসে দিনভর ভিক্ষা করতেন। এরপর বিকেলের ট্রেনে বাড়ি ফিরতেন। সারাদিন ভিক্ষার টাকা-পয়সা ওই থলেতে রাখতেন। কখনও স্ত্রী ও সন্তানদের দেখতে দিতেন না। রাতে ঘুমানোর সময়ও থলেটি মাথার কাছে থাকতো।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি সুখানপুকুর স্টেশনে বগুড়াগামী কলেজ ট্রেনের দুই বগির জয়েন্টে উঠে বসেন। এ সময় ভিক্ষার থলেটি তার কাঁধে ছিল। ট্রেন প্লাটফরম ছাড়ার সময় ঝাঁকুনিতে থলেটি নিচে পড়ে যায়। থলে উদ্ধারে খোকা মোল্লাও লাফ দেন। এতে ট্রেনের চাকায় কেটে তার মর্মান্তিক মৃত্যু হয়।

এসআই কায়কোবাদ জানান, ভিক্ষুক খোকার ওই থলেতে ভিক্ষার ৮০ হাজার ১৯০ টাকা পাওয়া গেছে। এসব তার স্ত্রী ও সন্তানদের দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হয়।

সুখানপুকুর রেল স্টেশন মাস্টার আবদুল মতিন জানান, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে ওই টাকা তার পরিবারকে দেওয়া হয়েছে।