২৫ বছর পূর্ণ করলো সালমান-শাবনূর জুটির প্রথম ছবি

বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় জুটি সালমান শাহ-শাবনূর। জুটি হিসেবে তাদের প্রথম সিনেমা ‘তুমি আমার’ মুক্তির ২৫ বছর পূর্ণ করেছে বুধবার।

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে সালমানের রাজকীয় অভিষেক হয় ঢালিউডে। অন্যদিকে ‘চাঁদনী রাতে’ দিয়ে সিনেমায় নাম লেখান শাবনূর।

১৯৯৪ সালের ২২ মে ঈদে মুক্তি পায় ‘তুমি আমার’। সিনেমাটি ব্যবসাসফল হয়। এর পরের তিন বছরে এই জুটির আরও ১৪টি সিনেমা মুক্তি পায়। যার বেশির ভাগই দর্শকপ্রিয়তা পায়।

ছবিতে দেখা যায়, শিক্ষাগত যোগ্যতা থাকা শর্তেও সুপারিশের অভাবে চাকরি হয় না বিধবা মায়ের একমাত্র সন্তান সালমানের। ঘটনাক্রমে অবস্থাসম্পন্ন পরিবারের মেয়ে শাবনূরের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠে।

শাবনূরকে বিয়ে করার জন্য বন্ধুদের সহযোগিতায় ধনীর অভিনয় করে সালমান। কিন্তু তা ফাঁস হয়ে গেলে জেলে যায় সালমান। শাবনূর তাকে ঘৃণা করতে শুরু করে।

জেল থেকে জামিন পেয়ে শাবনূরকে তুলে নিয়ে গিয়ে সালমান আত্মগোপন করে পাহাড়ি এলাকায়। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। ঘটে সুখী সমাপ্তি।

সিনেমাটির পরিচালক ছিলেন জহিরুল হক। তার হঠাৎ মৃত্যুর পর দায়িত্ব নেন তমিজ উদ্দিন রিজভী। সিনেমাটি দিয়ে কাহিনিকার হিসেবে অভিষেক হয় জহিরুল হকের ছেলে আব্দুল্লাহ জহির বাবুর!

ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এর মধ্যে রয়েছে জ্বালাইয়া প্রেমের বাত্তি ও দেখা না হলে একদিন। এ ছাড়া সালমানের স্টাইলিশ ওই সময় আলোচনার খোরাক হয়।

‘তুমি আমার’-এ আরও অভিনয় করেন, প্রবীর মিত্র, চাষী নজরুল ইসলাম, রাশেদা চৌধুরী, নাসরিন, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, মায়া ঘোষ, ডন, কে এস ফিরোজ ও আনোয়ার হোসেন।