যৌন মিলনের জন্য কাপড় খুলতে দেরি করায় স্ত্রীকে ঘুষি

যৌন মিলনের জন্য কাপড় খুলতে দেরি হওয়ায় স্ত্রীকে ঘুষি মেরে দিলেন স্বামী। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এক রিপাবলিকান সদস্যের এমন কর্মকাণ্ড আলোচনার ঝড় তুলেছে।

বিবিসি জানায়, রিপাবলিকান নেতা ৫৮ বছর বয়সী ডকলাস ম্যাকলয়েডকে এরই মধ্যে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

মিসিসিপি রাজ্যের প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতারা জানান, ম্যাকলয়েডের বিরুদ্ধে এই অভিযোগ সত্যি হলে তার পদত্যাগ করা উচিত।

তবে এ অভিযোগের বিষয়ে ম্যাকলেয়েড-এর কাছ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

ম্যাকলয়েড তিন সন্তানের জনক। মিসিসিপি রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লুকেডেল এলাকায় তিনি থাকেন। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছলে তার দেহে অ্যালকোহলের উপস্থিতি পায়।

সেখানে গিয়ে পুলিশ ম্যাকলয়েডের স্ত্রী এবং আরেকজন নারীকে দেখে যারা খুব ভীত অবস্থায় ছিল।

ওই নারী পুলিশকে জানান, ম্যাকলয়েড-এর স্ত্রী রক্তাক্ত মুখ নিয়ে তার কক্ষের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

এ সময় ম্যাকলয়েড দরজায় আঘাত করতে থাকেন এবং তার স্ত্রীর অতি আদরের পোষা কুকুরটিকে হত্যা করার হুমকি দেন। পুলিশ সে দম্পতির বিছানায় রক্তের দাগ দেখতে পেয়েছে।

তবে ম্যাকলয়েডকে ১০০০ ডলারের বিনিময়ে জামিন দিয়েছে আদালত।

মিসিসিপি রাজ্যে প্রতিনিধি পরিষদের স্পিকার ফিলিপ গান জানান, তিনি ম্যাকলয়েড-এর সাথে কথা বলার চেষ্টা করেছেন। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তার পদত্যাগ করা উচিত।

এ ধরণের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেন রিপাবলিকান ফিলিপ গান।