সিমলার হদিস পাচ্ছে না পুলিশ, আটকে আছে তদন্ত

মাস তিনেক আগে বাংলাদেশে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। মাহদী নামে এক যুবক বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনার তিন মাস পার হয়ে গেলেও এর তদন্ত এখনো শেষ হয়নি। যদিও পুলিশ  ইতিমধ্যে পনেরো রকমের আলামত সংগ্রহ করেছে। ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য-উপাত্তও সংগ্রহ করেছে। পুলিশ বলছে তদন্তে মামলার তেমন কোনো অগ্রগতি নেই। কারণ ঘটনার পুরো রহস্যই লুকিয়ে আছে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ময়ূরপঙ্খী বিমান ছিনতাই চেষ্টা মামলার মূল আসামি পলাশ আহমেদ ওরফে মাহাদির স্ত্রী চিত্রনায়িকা সামশুন নাহার সিমলার মধ্যে। আর সিমলাকে খুঁজে না পাওয়ায় মামলার পুরো তদন্তই আটকে আছে। 

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘নিহত পলাশ আহমেদের স্ত্রী সিমলার হদিস মিলছে না। তার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে পুলিশের তদন্ত টিম।’

এদিকে সিমলার পরিবার থেকে বারবার জানানো হয়েছে সিমলা ভারতে অবস্থান করছেন। কিন্তু ঘটনার পর এত দিনেও দেশে ফেরেননি তিনি। শেষ পর্যন্ত সিমলাকে তদন্ত সংস্থার কাছে হাজির হতে দু-এক দিনের মধ্যে স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে বলে জানান পরিদর্শক রাজেশ বড়ুয়া।

কেন দরকার সিমলাকে? তদন্ত কর্মকর্তারা জানান, মাহদী কেন বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাল তার নেপথ্যের খবর জানতেই সিমলাকে প্রয়োজন।