বগুড়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুনলেন রণাঙ্গনের বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের নানা মর্মস্পর্শী কাহিনী। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির শিক্ষার্থীদের এসব গল্প শোনান। মুক্তিযুদ্ধে নারীদের অবদান, আত্মত্যাগ, শহীদ পরিবারগুলোর পরবর্তী দুর্দশা আর যুদ্ধশিশুদের মাকে খোঁজার আকুতি তুলে ধরেন তিনি গল্পে। শিক্ষার্থীদের অনেকে ওই দিনগুলোর করুণকাহিনী শুনে কান্না ধরে রাখতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া নার্সিং ইনস্টিটিউট চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’-এর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সাধারণ সম্পাদক জে এম রউফ।