পাকিস্তানকে বলা হলো চিরকালের আনপ্রেডিক্টেবল। তারা বিশ্বকাপে কখন কী করবে তা কেউ জানে না। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। চার সেমিফাইনালিস্টের তালিকায় অনেকেই তাদের রাখছেন না। বুম বুম শহিদ আফ্রিদি অবশ্য তাদের দলে নেই। বরং একধাপ এগিয়ে তিনি বলেছেন, দলটা যেমন ভারসাম্যপূর্ণ তাতে ভালো না করার কোনো কারণ নেই। শহিদ আফ্রিদির এমন কথা বলার কারণও আছে। অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে পাকিস্তানের বিশ্বকাপ দলে রাখা হয়েছে। ফলে বিশ্বকাপে খারাপ খেলে পাকিস্তানের অজুহাত দেওয়ার পথও বন্ধ হয়ে গেল বলে মনে করছেন তিনি। বলেন, ‘আমি মনে করি এটা ভারসাম্যপূর্ণ দল। আমাদের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে হতাশ করছিল। কিন্তু এখন তারা ভালো ফর্মে আছে।’ আফ্রিদির কথার সত্যতার প্রমাণ গত মাসেই দিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতে তারা তিনশোর বেশি রান সংগ্রহ করেছে। যদিও সিরিজ হেরেছে তারা ৪-০তে। এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে ৫-০-তে হেরেছিল পাকিস্তান। সেই প্রসঙ্গ তুলে আফ্রিদি বলেন, ‘আমরা দল নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিয়েছিলাম। আমার মনে হয় অভিজ্ঞতার অভাবে আমাদের বোলিং বিশ্বকাপের আগে পিছিয়ে ছিল। এখন ওয়াহাব রিয়াজ, আমির ও লেগ স্পিনার শাদাব খান যোগ দেওয়ায় দলে ভারসাম্য ফিরে এসেছে। এখন আর অজুহাত দেওয়ার কোনো সুযোগ রইল না।’