ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া তিন বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে প্রাণে বেঁচে যাওয়া আরও তিন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জানা যায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ ফ্লাইট যোগে ভোর ৫টা ৩৮ মিনিটে দেশে ফেরেন সিলেটের মাহফুজ আহাম্মেদ ও বিল্লাল আহাম্মেদ এবং কিশোরগঞ্জের বাহাদুর।

তারা এখন বিমানবন্দরের ইমিগ্রেশনে রয়েছেন বলে জানা গেছে। অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাদের বিমানবন্দরে রেখেই আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করবে।

এর আগে ২১ মে এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফেরেন।

লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিসিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিখোঁজ ৩৯ বাংলাদেশির একটি তালিকা প্রকাশ করা হয়।