প্রথম ব্রিটিশ মুসলিম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাজিদ জাভিদ!

প্রথম ব্রিটিশ মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে পদত্যাগের পর তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

বৃটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান ও ফরাসি বার্তা সংস্থা এএফপিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায় তার নাম এসেছে। সাজিদ জাভিদ যদি তেরেসা মের স্থলাভিষিক্ত হন, তবে তিনিই হবেন দেশটির প্রথম কোনো মুসলমান প্রধানমন্ত্রী।

সাবেক ইনভেস্টর ব্যাংকার ২০১৮ সালের এপ্রিলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। ক্যারিবীয় অভিবাসী শিশুদের ওপর একটি কেলেঙ্কারি সামাল দিয়ে ৪৯ বছর বয়সী এ স্বরাষ্ট্রমন্ত্রী সবার প্রশংসা কুড়িয়েছেন।

পাকিস্তানি অভিবাসী বাসচালকের সন্তান সাজিদ জাভিদকে আধুনিক, বহুবিচিত্র সংস্কৃতি ও মেধাভিত্তিক ব্রিটেনের প্রতিচ্ছবি হিসেবে অভিহিত করা হয়েছে এএফপির প্রতিবেদনে। ল্যাঙ্কাশায়ারের রোচড্যালে জন্মগ্রহণ করেন তিনি।

অর্থনৈতিকভাবে উদারপন্থী সাজিদ জাভিদ ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছিলেন। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে যাওয়া এক কিশোরীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তিনি উদারপন্থীদের সমালোচনার শিকার হয়েছেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় সাজিদ জাভিদ ছাড়াও বিশেষভাবে এগিয়ে রয়েছেন বরিস জনসন, জেরেমি হান্ট, ডোমেনিকান রব, মাইকেল গভ ও আন্দ্রে লিডসাম।