নরেন্দ্র মোদিকে ‘চিঠি দেবেন তারেক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

‘আজ-কালের মধ্যে ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হবে’।

শুক্রবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর ভারতের নির্বাচন নিয়ে আমীর খসরু এই প্রতিক্রিয়া দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভারতের লোকসভা নির্বাচনে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে, সে দেশের জনসাধারণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। যেটা বাংলাদেশের জনগণ পারে নাই। এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক’।

তিনি বলেন, ‘ভারতের জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে, গণতন্ত্র সফল হয়েছে। তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরো বেশি মজবুত করেছে, শক্তিশালী করেছে’।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক হবে দুই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের মধ্যে হতে হবে। দুই দেশের পারস্পরিক স্বার্থে হতে হবে’।