গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

নাটোর বাগাতিপাড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গৃহবধূর মা থানায় মামলা করার পর সন্ধ্যায় একডালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা চকগোয়াশ গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার এক গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত লেলিন। সাত মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তার স্বামী একটি কোম্পানিতে চাকরির সুবাদে ঢাকায় থাকেন।

জানা যায়, বুধবার মধ্যরাতে স্বামী না থাকায় গৃহবধূর ঘরের দরজায় ধাক্কাধাক্কি করে লেলিন। গৃহবধূ দরজা খুললে মুখে গামছা ঢুকিয়ে তাকে ঘর থেকে বের করে ধর্ষণের চেষ্টা করে।

তদন্ত কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার পর একডালা বাজার থেকে  সন্ধ্যায় অভিযুক্ত লেলিনকে গ্রেপ্তার করা হয়।