শেরপুরের শ্রীবরদীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার অভিযুক্ত ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার এক গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসমাইলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইসমাইলের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, বুধবার বেলা ১২টার দিকে শিশুটির মা তাকে একটি ঘরে ঘুম পাড়িয়ে বাড়ির অদূরে ধান খেতে কাজ করতে যান। এ সময় শিশুটির ছয় বছরের বড় ভাই ঘরে ছিল। বাড়িতে কোন অভিভাবক না থাকার সুযোগে প্রতিবেশী ইসমাইল ওই ঘরে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের শিকার শিশু ও তার বড় ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ইসমাইল কৌশলে পালিয়ে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসমাইলকে একমাত্র আসামি করে মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার ইসমাইলকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।