লোকসভা ভোটের শেষ দফার আগে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে আটক হয়েছিলেন বিজেপি নেতা তেজিন্দর সিং বগ্গা। সেই তেজিন্দর এবার এ রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘উপহার’ পাঠালেন।
আনন্দবাজার জানায়, বাংলার মুখ্যমন্ত্রী জন্য ‘জয় শ্রী রাম’ লেখা একটি কুর্তি পাঠিয়েছেন ওই বিজেপি নেতা।
টুইটারে তেজিন্দর লিখেছেন, “শুনেছি দিদি প্রতিবছর মোদিজিকে কুর্তা পাঠান। তাই ওনাকে পাল্টা উপহার পাঠানো আমাদের দায়িত্ব। ওনাকে জয় শ্রী রাম লেখা মহিলাদের একটা কুর্তা পাঠাচ্ছি। অনুগ্রহ করে কুর্তাটি পরে টুইট করবেন।”
উল্লেখ্য, চন্দ্রকোণায় সভায় যাওয়ার আগে মমতার গাড়িবহরের সামনে তিন যুবক ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার ঘটনায় সেদিনই ওই তিনজনকে আটক করে পুলিশ। এ নিয়ে মমতার কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা।
এছাড়া কলকাতায় অমিত শাহর রোড শোতে গন্ডগোল বাঁধানোর অভিযোগে দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দরকে মাঝরাতে আটক করে পুলিশ। সেই তেজিন্দরই কার্যত কটাক্ষ করে মমতাকে ‘উপহার’ পাঠালেন।
সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ২২টি পেয়েছে তৃণমূল কংগ্রেস। আগের নির্বাচনে দলটি পেয়েছিল ৩৪ আসন। এবছর বিজেপি পেয়েছে ১৮ আসন যা বিগত নির্বাচনে ছিল মাত্র ২টি। ‘বাম দুর্গ’ খ্যাত পশ্চিম বঙ্গে এবার একটি আসনও পায়নি সিপিএম।