হাসপাতালে ওষুধের খনি!

মাটির নিচে পাওয়া গেল ১০ বস্তা সরকারি ওষুধ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাটিচাপা দিয়ে রাখা অন্তত ১০ বস্তা সরকারি ওষুধ ও অপারেশন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের সেপটিক ট্যাংকের পাশে মাটির নিচে বিশেষ কায়দায় রাখা ওষুধ ও সরঞ্জামগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ওষুধের মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। উদ্ধার অপারেশন সরঞ্জামাদিও বেশ নতুন ও চকচকে অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালবৈশাখী ও বৃষ্টিতে মাটিচাপা দেওয়া ওষুধের বস্তাগুলো দৃশ্যমান হয়। মাটির নিচে ওষুধ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমায় হাসপাতালের দর্শনার্থী ও স্থানীয় লোকজন। তারা জানায়, ভেসে ওঠা ওষুধগুলো পুনরায় মাটিচাপা দেওয়ার জন্য শ্রমিক নিয়ে আসা হয়। পরে তাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে দরকষাকষি করতে গেলেই ঘটনাটি ফাঁস হয়ে যায়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি জেনেছেন। তার দায়িত্বরত সময়ে এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি সন্দেহ পোষণ করেন। সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওষুধগুলো জব্দ করা হয়েছে। তবে কী কারণে মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা তদন্ত না করে জানানো যাবে না।