রাজধানীর মিরপুর রূপনগর থানা এলাকায় একটি ভবনের ছয়তলা থেকে এক নবজাতককে ফেলে হত্যার ঘটনায় হত্যাকারী নবজাতকের কিশোরী মা ও মায়ের সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে ৯ নম্বর সড়কের একটি বাসার নিচ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন খুব ভোরে শিশুটিকে ফেলে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রূপনগর থানার ওসি (তদন্ত) গোলাম রাব্বানি দেশ রূপান্তরকে দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।’
হত্যার ঘটনায় করা মামলার বাদী রূপনগর থানার এসআই পরিমল বলেন, একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে নিহতের মাকে।
‘শনিবার রাতে ওই কিশোরী মাকে ও মায়ের সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি নিজের বয়স ১৮ বলেছে। তবে বাবা-মায়ের দাবি, তার বয়স ১৭ বছর ৬ মাস’।
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওই কিশোরী মেয়েটি জানায় তার মা দুই বিয়ে করেছে। সে মায়ের প্রথম স্বামীর সন্তান। ওই বাসায় তার মা ও সৎ বাবা শাহ্ আলমের সঙ্গে থাকত সে। সৎ বাবা শাহ্ আলমের ছোট ভাই বিল্লাল হোসেন বিদেশ থেকে কিছুদিন আগে দেশে এসেছিলেন। তখন তিনিও রূপনগরের এই বাসায় ছিলেন। সে সময় তার সঙ্গে (সৎ চাচা) শারীরিক সম্পর্কের কারণে অন্তঃসত্ত্বা হয় ওই কিশোরী। সৎ চাচা বর্তমানে দেশের বাইরে রয়েছেন।’
মামলার সূত্রে জানা যায়, ঘটনাটি ওই কিশোরীর মা-বাবা জানার পরে তাকে গর্ভপাতের জন্য চাপ দেয়। শুক্রবার ভোররাতে মেয়েটির প্রসব বেদনা ওঠে এবং বেলা সাড়ে ১১টায় টয়লেটে গিয়ে সে নিজেই সন্তান প্রসব করে। এরপরে নবজাতকে টয়লেটের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়।