ঢাকায় প্রধান ঈদ জামাত সাড়ে ৮টায়

আসন্ন ঈদুল ফিতরে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ তথ্য জানিয়েছেন। গতকাল রবিবার গুলিস্তানের নগর ভবনে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরসহ ৫৫টি সেবা সংস্থার সমন্বয়ে আয়োজিত ঈদ জামাতের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের প্রধান জামাত চাঁদ দেখা সাপেক্ষ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বাভাবিক পরিবেশের ব্যাঘাত ঘটলে ওই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ঈদের জামাতে আসা মুসল্লিদের সেবাদানে সিটি করপোরেশনের সেবাদানকারী সংস্থাগুলো নিয়োজিত থাকবে। দ্রুত সময়ে সব ধরনের প্রস্তুতি শেষ করতে সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে সুন্দর ঈদ জামাত উপহার দেওয়ার প্রস্তুতি রয়েছে দাবি করে মেয়র বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে একসঙ্গে ৮৫ হাজার পুরুষ ও ৫ হাজার নারী মুসল্লির জন্য জামাতের ব্যবস্থা থাকবে।