তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গতকাল রবিবার তৃতীয় দিনের মতো অচল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএইউ)। তিনদিন ধরে আন্দোলন হলেও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা গণস্বাক্ষরসহ স্মারকলিপি দিতে গেলেও শিক্ষকরা আমলে নেননি।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায় না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে গতকাল রবিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখে। শিক্ষার্থীরা প্রতিদিন সকাল সাড়ে ৯ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ ও অবস্থান ধর্মঘট পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
তিন দফার মধ্যে রয়েছে ক্লাসে ৮০ ভাগ উপস্থিত না হলে জরিমানা বাতিল এবং পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন উপস্থিতি হার ৬০ শতাংশ। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে এনরোলমেন্ট ফি এক হাজার থেকে ১২’শ টাকার মধ্যে রাখা, পরীক্ষাসংক্রান্ত যাবতীয় বিলম্ব ফি বাতিল এবং দুটি মিড পরীক্ষার একটি বাদ ও পরীক্ষার পর কোনো ক্লাস-ল্যাব নয় প্রভৃতি।
শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসির মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।