ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক সমাবেশ বিক্ষোভ

সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় গতকাল রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। একই দাবিতে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁও ও নেত্রকোনায়, মাগুরায় হয়েছে সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো খবর :

গাইবান্ধা : সব ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কৃষকরা ধানের বস্তা মাথায় নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এবং সরাসরি ধান ক্রয়ের জন্য গাইবান্ধা প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন সেøাগান দেওয়া হয়। পরে মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে ১ নম্বর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকম-লীর সদস্য তপন কুমার বর্মণ, সদর উপজেলা শাখার সভাপতি ছাদেকুল ইসলাম প্রমুখ।

ঠাকুরগাঁও : ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত কৃষক ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখা। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক শ্যামলী রানী দেব, খলিলুর রহমান প্রমুখ। বক্তারা প্রতিবন্ধীদের পূর্ণ সুযোগ-সুবিধা, ফসলের ন্যায্যমূল্য, প্রতিবন্ধী কৃষক বাঁচাতে কৃষি উপকরণে ভর্তুকি, গুদাম সংকট নিরসন ও হাটেবাজারে পাইকারি বিক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানান। মানববন্ধনে জেলার পাঁচটি উপজেলার প্রতিবন্ধীসহ কৃষক ফোরামের সদস্যরা অংশ নেন।

মাগুরা : ধানের ন্যায্যমূল্য পাওয়াসহ তিন দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে কৃষক সমিতি মাগুরা জেলা শাখা। দুপুরে শহরের ভায়নার মোড়ে কৃষক সমিতির জেলা সভাপতি আমজাদ ম-লের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সভাপতি বীরেন বিশ্বাস, কৃষক সমিতির সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন মিত্রসহ অন্যরা। পরে তারা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করা এবং ভূমি অফিস ও পল্লীবিদ্যুৎ অফিসে কৃষক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

নেত্রকোনা : সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বিকেলে উপজেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের কলমাকান্দা প্রেস ক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, কলমাকান্দা কৃষক সমিতির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহা, কৃষক নেতা সুভাষ হাজং, চায়না রানী ও ছাত্র ইউনিয়নের সভাপতি অনিমেষ সরকার প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

দিনাজপুর ছাত্রলীগের স্মারকলিপি : সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় এবং অঞ্চলভিত্তিক সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর দিনাজপুর জেলা ছাত্রলীগ স্মারকলিপি দিয়েছে। গতকাল স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বজলুর রশিদ। জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আসাদুজ্জামান আসাদ, অমিত হাসান অমি, শাহরিয়া মেরাজ, জিয়া প্রমুখ