রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা–বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় চার প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর গুলশান এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভ্রাম্যমাণ আদালত পচা–বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলশানের পানসী হোটেলকে ৩০ হাজার টাকা ও হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অননুমোদিতভাবে দই প্রস্তুত করার জন্য গুলশানের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং তামাক জাতীয় বিজ্ঞাপন রাখার জন্য আড়ৎ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।