শ্রমিক লীগ নেতার বাধায় উচ্ছেদ অভিযান পণ্ড!

ফতুল্লায় সরকারি কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত আবাসন প্রকল্পের জমিতে গতকাল রবিবার উচ্ছেদ অভিযান এক শ্রমিক লীগ নেতার বাধায় পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রকল্পে খেলার মাঠসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও এক শ্রমিক লীগ নেতার অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিতি পাওয়া আলীগঞ্জ গণপূর্তের মাঠে কাজ শুরু করতে পারিনি আমরা। মামলা-মোকদ্দমাসহ নানা ভয়ভীতি দেখিয়ে প্রকল্পের কাজ আটকে রেখেছেন শ্রমিক লীগ নেতা আলীগঞ্জ ক্লাবের সভাপতি।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ বলেন, আলীগঞ্জবাসীর প্রাণের দাবি এই খেলার মাঠ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। এই মাঠ বন্ধ করে আবাসন প্রকল্প এলাকাবাসী কিছুতেই মেনে নেবে না।