হতাশার হারে রোনালদোদের ছাড়লেন আল্লেগ্রি

কয়েক মাস ধরে পথ হারানো ইউভেন্তুসকে শেষ দিকে এসেও ছন্দে ফেরাতে পারলেন না কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ইউভেন্তুস ক্যারিয়ারের ইতি টানার ম্যাচে সেরি আয় সাম্পদোরিয়ার বিপক্ষে ০-২ গোলে হেরেছে তার দল।

টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থেকে এবারের সেরি আ শেষ করল সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ইন্টার মিলান ও তোরিনোর সঙ্গে ড্রয়ের পর রোমার মাঠে ০-২ গোলে হেরেছিল আল্লেগ্রির শিষ্যরা। আর গত সপ্তাহে আতালান্তার সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল শিরোপাধারীরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচে এই নিয়ে চারবার হারল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি। ড্র করেছে চারটিতে, জয় মাত্র একটি।

আল্লেগ্রি চলে যাওয়ায় রোনালদোদের নতুন কোচ কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। দলটির প্রথম টার্গেট ছিল পেপ গার্দিওলা। কিন্তু তিনি ‘না’ করে দিয়েছেন।

ডেইলি মেইল জানিয়েছে, চেলসি কোচ মাওরিসিও সাররি ইতালির ক্লাবটির দায়িত্ব নিতে রাজি হয়েছেন। বছরে ৬ মিলিয়ন পাউন্ডে ইউভেন্তুসের সঙ্গে তার তিন বছরের চুক্তি হতে পারে।