ভারতের ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে’ তৃতীয় সন্তানের ভোটাধিকার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন যোগগুরু রামদেব। গো-হত্যা নিষিদ্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর অব্যাহত সাম্প্রদায়িক হামলার মধ্যে এমন বক্তব্য দিলেন আলোচিত এই যোগগুরু।
মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণে মুসলিম দম্পতিদের ওপর বাধ্যতামূলক দুই সন্তান নীতি আরোপে হিন্দুত্ববাদী নেতাদের দাবি এবং মুসলিমদের ওপর গো-রক্ষকদের অব্যাহত হামলার মধ্যে এমন বক্তব্য দিলেন রামদেব।
এছাড়া ভারতে মদ তৈরি এবং কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
রোববার এক সংবাদ সম্মেলনে রামদেব বলেন, “আগামী ৫০ বছরে ভারতে জনসংখ্যা ১৫০ কোটির বেশি না হওয়াই বাঞ্ছনীয়। এর বেশি জনসংখ্যা আমরা সহ্য করতে পারব না।”
তিনি বলেন, “এটা তখনই সম্ভব, যখন সরকার তৃতীয় সন্তানের ভোটাধিকার রদ করবে। তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার থেকেও বঞ্চিত করতে হবে। এমনকি সরকারি কোনো পরিষেবাই তাকে দেওয়া উচিত হবে না।”
মুসলিমদের নাম সরাসরি উল্লেখ না করে এই যোগগুরু বলেন, “এমন হলে তবেই মানুষ বেশি সংখ্যক সন্তান নেওয়া থেকে বিরত হবে, তা সে যেকোনো ধর্মাবলম্বীই হোক না কেন।”
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় আরও জানায়, গো-হত্যার ওপরও সরকারি নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষপাতী রামদেব। এতে ‘গরু পাচারকারী এবং গো-রক্ষকদের’ মধ্যে সংঘর্ষও বন্ধ করা যাবে।