ধানসহ সব পণ্যের ন্যায্যমূল্য পেতে সিন্ডিকেট ভেঙে কোল্ড স্টোরেজ বাড়ানোর পাশাপাশি কৃষকের ঝুঁকি রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে পবা আয়োজিত ‘ধান ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য; সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পাভেল পার্থ।
জাতীয় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, জাতীয় কৃষি নীতি কৃষকবান্ধব না। চাতাল কেন্দ্রিক কৃষিনীতি নিয়ে কৃষক চলতে পারে না। কৃষকদের জীবন অনিশ্চয়তার জীবন। ধার করে নিয়ে দেশের জন্য চাল উৎপাদন করবে, আর নিজের জীবন অরক্ষিত হবে এটা হতে পারে না। এ জন্য ঝুঁকি নিতে হবে রাষ্ট্রকে, ঝুঁকি নিতে হবে সরকারকে।
তিনি আরও বলেন, গণমাধ্যমসহ সবক্ষেত্রে কৃষকদের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে। কৃষকরা ঝুঁকি নিয়ে কাজ করে দেশের খাদ্য জোগায়, অথচ সে নিজে খাদ্য পায় না, এটা হতে পারে না।
সেমিনারে কৃষক লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস বলেন, শ্রমিকদের দাবি সরকার অনেক মানছে, কিন্তু কৃষকের দাবি মানছে না। কারণ একটাই, কৃষকরা আন্দোলন করতে পারছে না।
সেমিনারে বক্তারা বলেন, গুদাম মালিকদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। একই সঙ্গে কৃষকের জন্য শস্য বিমা চালু করার দাবি জানান তিনি।