উত্তরায় বিআরটিসি এসি চক্রাকার বাস সার্ভিস চালু

গণ পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ধানমন্ডির পর এবার রাজধানীর উত্তরায় চালু করা হলো বিআরটিসি এসি চক্রাকার বাস সার্ভিস।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসি’র মোট ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দুই রুটে এই সেবা দেবে।

সোমবার রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

বাসের রুটগুলো হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিস থেকে হাউজ বিল্ডিং হয়ে সোনারগাঁও জনপদ পর্যন্ত। অপরটি হচ্ছে বিমানবন্দর থেকে সেক্টর ১২ পর্যন্ত।

চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রতিবেশী ও আরো অনেক দেশের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। তবে গণ পরিবহন এবং যানজট আমাদের শহরের প্রধান সমস্যা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দুই মেয়র এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। সুস্থ, সচল, গতিময় ও আধুনিক ঢাকার জন্য সুস্থ গণ পরিবহনের বিকল্প নেই। এসব বাস সড়কে নির্বিঘ্নে চলতে হলে পথচারীদের ফুটপাতে চলতে হবে। তার আগে আমাদের ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে। সড়কে শৃঙ্খলা আনতে উত্তরার সাতটি এভিনিউ থেকে পর্যায়ক্রমে লেগুনা উঠিয়ে দেওয়া হবে। সব শ্রেণি-পেশার মানুষ এক সঙ্গে কাজ করলে, সচেতন থাকলে ঢাকার সব সমস্যার সমাধান করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ উদ্দিন ভূঁইয়া, ঢাকা পরিবহন সমন্বিত কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান ও ডিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ।