ভিপি নুরের ওপর হামলায় জড়িতদের তালিকা প্রকাশ, মানববন্ধন

বগুড়ায় ইফতার মাহফিলে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পাশাপাশি হামলায় জড়িতদের একটি তালিকা প্রকাশ করেছে পরিষদ।

সোমবার দুপুরে পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসি থেকে অপরাজেয় বাংলায় আসেন। সেখানে মানববন্ধনে হামলাকারীদের একটি তালিকা প্রকাশ করেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। ভিডিও ফুটেজ দেখে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী হামলায় অংশ নেন- বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান ও প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম।

মানববন্ধনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ডাকসুর ভিপির ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এখন পর্যন্ত ছাত্রলীগ আমাদের ওপর যতগুলো হামলা চালিয়েছে তার একটিরও বিচার হয়নি।

ডাকসু ভিপিসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করা না হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ ইউনিট থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সন্ত্রাসীরা একের পর এক আমাদের ওপর হামলা করছে। কিন্তু সে হামলার বিচার আমরা পাচ্ছি না। তিনি অনতিবিলম্বে ডাকসুর ভিপির ওপর হামলার বিচার দাবি করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, মশিউর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, রোববার বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন ডাকসুর ভিপি নুরুল হক নুর। হামলায় আহত নুরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। হামলার জন্য ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।