ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জি বাংলার জনপ্রিয় গায়ক

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ভারতীয় চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী। ২০১৫ সালে রিয়্যালিটি শো-টির বিজয়ী ছিলেন তিনি।

জি নিউজ জানায়, রোববার রাতেই সৌম্যকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। পরদিন তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে পুলিশের হেফাজতের নির্দেশ দেয় আদালত।

সৌম্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গায়ককে গ্রেপ্তার করে।

‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন এই গায়ক সনি টেলিভিশনের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলেরও প্রতিযোগী ছিলেন।

সারেগামাপা-চ্যম্পিয়ন হওয়ার ঠিক পরেই প্রেমিকা তথা গায়িকা রূপসাকে বিয়ে করেন সৌম্য। দুজনেই কলকাতাতেই থাকতেন। তাদের দুই বছরের মেয়ে রয়েছে।

কিছুদিন আগে সৌম্য ও রূপসার বিবাহ-বিচ্ছেদের খবর শোনা যায়। তবে আইনিভাবে ছাড়াছাড়ি হয়েছে কিনা জানা যায়নি।