এই ফ্যাশন ডিজাইনারই কি করণ জোহরের প্রেমিক?

বলিউডে এই প্রশ্ন প্রায়ই শোনা যায়- কার সঙ্গে প্রেম করছেন করণ জোহর? নিজের সমকামিতা নিয়ে বারবারই খোলাখুলি কথা বলেছেন পরিচালক-প্রযোজক। কিন্তু কখনো সঙ্গীর নাম খোলাসা করেননি।

অনেকে বলছেন- এবার বোধ হয় নিজের অজান্তেই গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন করণ। দিন দু-এক আগেই ৪৭ বছর পা রাখেন তিনি। তখনই ঘটে এ ঘটনা।

বলিউডের এই নামজাদা পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা যায়। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, অর্জুন কাপুর, সোনম কাপুর বাদ যাননি কেউই। তবে নেটিজেনদের নজর কেড়েছে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর বার্তা।

করণের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রবাল। তবে, নজর কাড়ে তার ক্যাপশানটি। তিনি লেখেন, “প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া (প্রেমে করতে ভয় কিসের)।” পোস্টটি শেয়ার করে করণ লেখেন, “কন্ট্রোল ইউরসেলফ (নিজেকে সংযত করো)”।

আর করণ-প্রবালের পারস্পরিক এই বার্তা বিনিময়েই জাগে সন্দেহ সোশ্যাল মিডিয়ায়। আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে বলিউডে ফিসফাস ছিল। এবার তা জোরালো হয়।

তবে সোমবার দুপুরে প্রেমের খবরকে গুজব বলেই উড়িয়ে দেন প্রবাল। তিনি টুইট করেন, “করণ জোহর শুধুমাত্র খুব প্রিয় ও কাছের বন্ধু। এর বাইরে আমাদের মধ্যে আর কোনো রোমান্টিক সম্পর্ক নেই।”