দৃষ্টি ফিরে পেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নিজামউদ্দিন

ভোলায় দৃষ্টি শক্তি ফিরে পেতে চিকিৎসার জন্য শহরে এসে লাশ হয়ে ফিরলেন বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের নিজামউদ্দিন (৬৮)।

মঙ্গলবার দুপুরে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। ভোলা-চরফ্যাশন মহাসড়কের মনিরাম বাজার নামক এলাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নিজামউদ্দিন।

নিহত নিজামউদ্দিন মুলাইপত্তন গ্রামের  মৃত আবির আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়কের মনিরাম বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাহিন্দ্রা চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।  এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।